মন, তব কেন এ’ সংশয় ?
জড়-প্রতি ঘৃণা করি, ভজিতে প্রেমের হরি,
স্বরূপ লক্ষিতে কর ভয়।।
স্বরূপ করিতে ধ্যান, পাছে জড় পায় স্থান,
এই ভয়ে ভাব ব্রহ্মময়।
নিরাকার নিরঞ্জন, সর্বব্যাপী সনাতন,
অস্বরূপ করিছ নিশ্চয়।।
অভাব-ধর্মের বশে, স্বভাব না চিত্তে পশে,
ভাবের অভাব তাহে হয়।
ত্যজ এই তক পাশ, পরানন্দ পরকাশ,
কৃষ্ণচন্দ্রে করহ আশ্রয়।।
সচ্চিৎ আনন্দময়, কৃষ্ণের স্বরূপ হয়,
সর্বানন্দ মাধুর্য নিলয়।
সর্বত্র সম্পূর্ণ রূপ, এই এক অপরূপ,
সর্বব্যাপী ব্রহ্মে তাহা নয়।।
অতএব ব্রহ্ম তাঁর, অঙ্গকান্তি সুবিস্তার,
বৃহৎ বলিয়া তাঁরে কয়।
ব্রহ্ম পরব্রহ্ম যেই, শ্রীকৃষ্ণস্বরূপ সেই,
বিনোদের যাহাতে প্রণয়।।
No Comment! Be the first one.