মন, তুমি বড়ই পামর।
তোমার ঈশ্বর হরি, তাঁকে কেন পরিহরি,
কামমার্গে ভজ দেবান্তর ? ১।।
পরব্রহ্ম এক তত্ত্ব, তাঁহাতে সঁপিয়া সত্ত্ব,
নিষ্ঠাগুণে করহ আদর।
আর যত দেবগণ, মিশ্রসত্ত্ব অগণন,
নিজ নিজ কার্যের ঈশ্বর।।২।।
সে সবে সম্মান করি, ভজ একমাত্র হরি,
যিনি সর্ব ঈশ্বর ঈশ্বর।
মায়া যাঁর ছায়াশক্তি, তাঁতে ঐকান্তিকী ভক্তি,
সাধি কাল কাট নিরন্তর।।৩।।
মুলেতে সিঞ্চিলে জল, শাখা পল্লবের বল,
শিরে বারি নহে কার্যকর।
হরিভক্তি আছে যাঁর, সর্বদেব বন্ধু তাঁর,
ভক্তে সবে করেন আদর।।৪।।
বিনোদ কহিছে মন, রাধাকৃষ্ণ শ্রীচরণ,
ভজ ভজ ভজ নিরন্তর।।৫।।
No Comment! Be the first one.