শ্রীগুরুদেব বন্দনা (Guru Bondana)
সে শুভদিনের আরাধনা করে জাগরে জগৎবাসী।
চৈত্র মধুর, স্বর্গ-মেদুর শুভ লগনের রাশি।।
যেদিন আমার হৃদয়ের রাজ গুরুদেব মহারাজ।
পূত পুরীধামে প্রকাশি আপনি হরে পৃথিবীর ত্রাস।।
দেবদূত-সম গুরুমহারাজ আলোকে প্লাবিত কর।
জীবন-যুদ্ধে পরাজিত মোর ভয়-সন্ত্রাস হর।।
দুর্লভতম মানব জীবন, তথাপি ভরসাহীন।
তব কৃপা বিনা আমি অসহায় অপারগ উদাসীন।।
মায়ার প্রভাবে আপন স্বভাবে সদাই অধম মতি।
ত্রাণ কর এই অধম জনেরে, কৃপা বিনা নাহি গতি।।
জীব-কল্যাণে তব অবদান জগতে ঘোষিত আজ।
তব শ্রীচরণ, আমার জীবন গুরুদেব মহারাজ।।
কৃষ্ণকে ভুলে মায়ার কবলে ক্লেশ পাই অবিরত।
মরুভূমি মাঝে মৃগতৃষা-সম প্রলোভন ভরে হত।।
বিভীষিকা ভরা অন্ধ তিমির অমানিশা সম মানি।
মম আশা আজ গুরুমহারাজ তব শ্রীমুখের বাণী।।
ভকতির বাণী পৃথিবীতে আনি জীবে দয়া হ’ল সারা।
সব অবতার সার শিরোমণি গৌরপ্রভুর ধারা।।
যে বাণী সবার অজ্ঞাত ছিল, তোমার আশীষে আজ।
জগৎ মাঝারে বর্ষিত হল গুরুদেব মহারাজ।।
পরম ব্রহ্ম পরম পুরুষ, প্রমাণ করিলে তুমি।
নির্বিশেষের নির্বাণ-বাদ ত্যাজিল ভারতভূমি।।
নবীন জীবন লভি মোরা তাই উল্লাসে হয়ে মগ্ন।
তোমার চরণ বন্দনা করি মোহপাশ করি ভগ্ন।।
তুমি যদি আজ প্রকাশ না হতে অন্ধ-তিমির হানি।
দৃপ্ত কণ্ঠে তবে কে শোনাত শ্রীভগবানের বাণী।।
সেই অধিকার তোমারেই সাজে, দণ্ড তোমার হাতে।
কৃপা করি এই অধম জনেরে নিয়ে চল তব সাথে।।
তুমি যে দেখালে ভক্তির পথ, তুলনা তো তার নাই।
শিশিরের মত উজ্জ্বল আর উচ্ছল তার ঠাঁই।।
চির পুরাতন শাশ্বত বাণী নবীন সাজেতে রাজে।
তোমার কৃপার প্রকাশ স্বরূপে সারা জগতের মাঝে।।
Guru Bondana & Guru Bondana
No Comment! Be the first one.