বৈষ্ণব বন্দনা
ওহে! বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর,
এ দাসে করুণা করি।
দিয়া পদছায়া, শোধ হে আমায়,
তোমার চরণ ধরি ।। ১ ।।
ছয় বেগ দমি, ছয় দোষ শোধি,
ছয় গুণ দেহ দাসে।
ছয় সৎসঙ্গ, দেহ’ হে আমারে,
বসেছি সঙ্গের আশে ।। ২ ।।
একাকী আমার, নাহি পায় বল,
হরিনাম সংকীর্তনে।
তুমি কৃপা করি, শ্রদ্ধাবিন্দু দিয়া,
দেহ’ কৃষ্ণ-নাম-ধনে ।। ৩ ।।
কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পার,
তোমার শকতি আছে।
আমি ত’ কাঙ্গাল, কৃষ্ণ, কৃষ্ণ, বলি,
ধাই তব পাছে পাছে ।। ৪ ।।
No Comment! Be the first one.