কলিযুগ পাবনাবতার শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীল সনাতন গোস্বামীকে শিক্ষা দিতে গিয়ে জীবের স্বরূপ সম্বন্ধে বলেছেন-
জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস।
কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ।।
অর্থাৎ কৃষ্ণের দাসত্বই জীবের স্বরূপ ধর্ম। কিন্তু জীবের ভোগাকাঙ্ক্ষা ও কর্তৃত্বাভিমানের ফলে জীব এ জড় জগতে পতিত হয়ে এক গ্রহ থেকে অন্য গ্রহে বিভিন্ন যোনিতে ভ্রমন করছে। শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনাদিকাল ধরে জড়া-প্রকৃতির বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে। যার ফলে মায়া তাঁকে নানা প্রকার দুঃখ প্রদান করছে। এ জড়-জগতে জীব কখনো স্বর্গলোকে উন্নীত হয়ে জাগতিক সুখ ভোগ করে এবং কখনো নরকে অধঃপতিত হয়ে দুঃখ ভোগ করে। ঠিক যেমন রাজা অপরাধীকে নদীর জলে চুবায় এবং অল্পক্ষণের জন্য জল থেকে তুলে আবার দণ্ড দান করে। মায়াবদ্ধ জীব অনাদিকাল থেকে শ্রীকৃষ্ণসেবা পরিত্যাগ করে অনিত্য মায়িক সুখে মত্ত হয়ে পরিনামে মায়ার দ্বারা ত্রিতাপ জ্বালায় ক্লিষ্ট হচ্ছে।
এর কারণ হলো জীবের স্বরূপ ভুলে মায়ারচিত বিষয় সমূহকেই তার স্বারূপ বলে মনে করছে। আমরা ভগবদ্গীতায় দেখতে পাই যখন অর্জুন তাঁর আত্মীয়-স্বজনদের মোহে তাঁর প্রকৃত পরিচয় ভুলে গিয়েছিল, তখন কৃষ্ণ অর্জুনকে পরম তত্ত্ব সম্বন্ধে জ্ঞান দান করেছিলেন-
অপি চেদসি পাপেভ্যঃ সর্বেভ্যঃ পাপকৃত্তমঃ।
সর্বং জ্ঞানপ্লবেনৈব বৃজিনং সন্তরিষ্যসি।।
(ভ.গী. ৪/৩৬)
অর্থাৎ “তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো, তাহলেও এ জ্ঞানরূপ তরণীতে আরোহন করে তুমি দুঃখ-সমুদ্র পার হতে পারবে।” শ্রীল প্রভুপাদ উক্ত শ্লোকের তাৎপর্যে লিখেছেন-
এ জড় জগতকে কখনো অবিদ্যার সমুদ্র আবার কখনো দাবানলের সাথে তুলনা করা হয়। অতি সুদক্ষ সাঁতারুও যেমন সাঁতার কেটে সমুদ্র পার হতে পারে না, ঠিক তেমনি জড় জগতের যে জীবন সংগ্রাম তা দুরতিক্রমণীয়। মাঝ সমুদ্রে যে মানুষ হাবুডুবু খাচ্ছে তার একমাত্র উপায়- যদি কেউ এসে তাকে তুলে নেয়। এ ভবসমুদ্রে আমরাও ঠিক তেমনি হাবুডুবু খাচ্ছি। এমন কেউ যদি কৃপাপরবশ হয়ে আমাদের সেখান থেকে তুলে নেয়, তাহলেই কেবল আমরা উদ্ধার পেতে পারি। ভগবানের কাছে থেকে পাওয়া অপ্রাকৃত ভগবত্তত্ত্ব হচ্ছে একমাত্র মুক্তির পথ, আমাদের উদ্ধারকারী নৌকা।
অর্থাৎ ভগবৎ-তত্ত্বজ্ঞান লাভই জীবের প্রকৃত স্বরূপে স্থিত হওয়ার প্রন্থা। আর তা কেবল মনুষ্য শরীরেই সম্ভব। কেননা মনুষ্য মস্তিষ্কেই রয়েছে উন্নত বুদ্ধিমত্তা যার দ্বারা সে পরম তত্ত্বকে জানার প্রয়াস করতে পারে।
No Comment! Be the first one.